Poem

আগামী কাল নয়, আমি যা বলবার আজই বলব
ঝড়ের মুখে ওই যে চোয়াল ভাঙা ট্যাক্সি, ওই যে
নরম সাদা ঘোড়া একা ময়দানে ভিজছে
ওরা জানে আগামী বলে কিছু নেই, আজই
ধুয়ে মুছে শেষ হয়ে যাবে পৃথিবীর গল্প
আগামী কাল নেই বলে এ শহর তার ভবিতব্যকে
মেনে নিয়েছে, তা আজ আর আজ, নর্দমা উপচে
পড়া, জমজমাট, ছাতা ঠেসাঠেসি আজ
বৃষ্টির পর রাতের আকাশগঙ্গা দেখে তার
বন্ধু নদীটিকে বিদ্যাসাগর ও রবীন্দ্রের মাঝখানে
আলো নেভা অকপট জল, তার কোনও ভবিষ্যৎ
নেই। প্রাক্তন সমুদ্রের বুকে ঘুম জমে জমে ফেনা—
যা বলার আমি আজই বলব এই কোমর জলে
দাঁড়িয়ে, জলে তৃপ্ত বটফল, বটপাতা হাতে নিয়ে—

কেবল তোমাকে চেয়েছি চেতনার উন্মেষ থেকে
আমি আর কোনও কিছু কাউকে চাইনি কোনওদিন।

 

ছবি: কৃত্রিম মেধা