Poem

আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে নতুনহাটি
ধীরে ধীরে ফুটে উঠছে ঝিকরগাছা
তারাময়ীর চোখের সামনে শীতের আকাশ
সজনে ফুল আর দিন দুপুরে মোরগ ডাকে
বাজার-পাড়ার শব্দগন্ধ মুছে গিয়ে
ভৈরব, তার পাড়ের সবুজ ভেসে উঠছে

ফিরব ফিরব রোজ ভাবতেন, মধ্যিখানে
বোঝাই গেল সম্ভব নয়, হয় না ফেরত
দেশ একবার টুকরো যখন, নাড়লে চাড়লে
আঙুলে তার কষ্ট বিঁধে রক্তারক্তি
এখন তো রোদ মিলিয়ে আসছে, তারাময়ীর
ঠোঁটের সামনে গঙ্গাজলের কুশি, বুকে
গীতাও রাখবে এখন যেতে ইচ্ছে হলে
বলবে না কেউ, রিফিউজরা বেইমান হয়

স্থলপদ্মের গাছটা কইরে, পুববাগানে
বিয়ে হয়ে এসেই যেটা লাগিয়ে ছিলাম?
হাঁস দুটোকে তুলতে হবে, তেঁতুলতলায়
ঘুমোয়, দেখ, বসে বসেই। শাঁখ বাজছে

সন্ধ্যের শাঁখ, ওই তারাটা আমের ডালে
ওই তারাটা আমায় চেনে, পরাণবন্ধু—

আন্তে আন্তে মিলিয়ে গেল নতুনহাটি
ধীরে ধীরে ফুটে উঠছে ঝিকরগাছা।

 

ছবি: কৃত্রিম মেধা