সুন্দর পটুয়া বাড়ি নেই
কত কী পারিনি আমি, তুমি ভরে দিয়ো
সুধা ও ঘ্রাণের ফাঁকা, আমার দু’হাতে
ফুল দিয়ো বর্ণহীন, গন্ধভরা ফুল
কত কী খুঁজতে গিয়ে ধুলোমাখা পায়
ফিরে আসি। সুন্দর পটুয়া বাড়ি নেই।
যাবার পথটি বড় মায়াময়
শিরীষ বকুলে, দূর থেকে সমুদ্রের
আভা চোখে লাগে, কথা নয়,
খঞ্জনি নিও না, খই ওড়ে গাঙের বাতাসে—
কত ভালোবেসেছিলে, এত ভাবচন্দনে কপাল
সাজিয়েছো, সঙ্গে এসো সাগর দুয়ার
সংসারে জড়ানো হাড়, হাতে ধরো, জনম দোসর
না পোড়া নাভির মুখে জ্যোৎস্না-ভরণ দিও তুমি!
কত কী পারিনি আমি, তুমি বলে দিয়ো
কীভাবে ও-প্রিয় মুখ বুকে নিয়ে অনন্ত আকাশে
মিশে যাব, ভুলকো তারার দেশে
পাখি কই, কে শোনাবে পৃথিবীর গান :
একা লাগে, ফাঁকা পটে আষাঢ়ের রোদ
ফিরে আসে। সুন্দর পটুয়া বাড়ি নেই।
ছবি: কৃত্রিম মেধা
- Details