আমাকে থই দাও
আমাকে থই দাও, কালো জল, আমাকে তল দাও
তোমার বুকের নীচে মাটি আছে, লাভা মাটি, হাঁসুলি বাঁকের
জন্মকথা, আমাকে ডুবিয়ে তার কাছে রাখো
হৃদয় চন্দন দিই নখর সংকাশ, কত দিন দুই হাতে
মৃত্তিকা ভরিনি। মাটিতে আগুন আছে, শিরায় শিরায়
আগুনের বুকে হেঁটে আসার খবর, বন পোড়ে,
পাহাড়ে কল্পদ্রুম ধোঁয়া জ্বালে, জলে কান পেতে
আমি শুনি মাটি জুড়ে আগুনের চরণ সম্পাত
আমাকে থই দাও, কালো জল, আমাকে তল দাও
রক্তহীন, বুদ্ধিহীন জল, তুমি কারও নও, তোমার
বর্ণমালা কেবল খেলনা চেনে, ডোবায় ভাসায়—
মৃত্তিকা আমাকে চায়, ভালোবাসে, সে আমার বীজ
অঙ্কুরে জাগায়, আমার অঙ্কুর ধরে রাখে বীজপত্র হয়ে
আমার বৃক্ষকে তার স্বপ্ন দিয়ে, রক্ত দিয়ে সত্য করে রোজ
মৃত্তিকা আমার মুক্তি, বন্ধন আমার। কালো জল,
দ্বিধা হও, আমাকে দেখাও জলতল একই সাথে সত্য ও অলীক।
ছবি: কৃত্রিম মেধা
- Details