Poem

তোমাদের জন্য আমার কষ্ট হয়, তোমাদের প্রত্যেকের জন্য
আধপেটা খেয়ে যার ঘুম আসছে না আর ভরপেট
খেয়ে যে ঘুমো কাদা
নির্বিকার ভাগ্যহীনেরর আর আবেগময় সৌভাগ্যবানের জন্য
বৃষ্টির আশায় যারা নিড়ানি ধরেছে আর অতিবৃষ্টিতে যাদের
                                                  চারাগাছে পোকা
রাস্তায় উদ্ভ্রান্ত ক্ষুধার্ত কুকুর আর গৃহস্থের চৌকাঠ-ঘেঁষা
                                               পরিতৃপ্ত বেড়াল
তোমাদের দেখি আর বুকের মধ্যে কষ্ট উছলে ওঠে আমার
আমি চলে যাওয়ার পর অনেক-অনেক দিন পর্যন্ত
তোমরা কেউ জানবে না, খিড়কি-বাগানের
এঁটেল মাটির নীচে শান্ত শুয়ে আছে একটি
তুষারশুভ্র কঙ্কাল : যার হাড়ের ভিতর জীবন্ত
মজ্জায় কক্ষপথ ধরে ঘুরে চলেছে ভালোবাসার
অসংখ্য গ্রহাণু।

ছবি: কৃত্রিম মেধা