ভুল করে যদি কেউ
কড়ে আঙুলে কামড় দিয়েছি, কপালে ধ্যাবড়া কাজল টিপ
ভোর ভোর তোমাকে পাঠিয়েছি গঞ্জের হাটে
তুমি এখনও ফেরোনি
চারদিকে ট্রাকের চিৎকার, রেলের হুইসল, স্টিমারের ভোঁ
সবাই আদা মরিচের দাম নিয়ে ব্যস্ত
সকলেই শিখেছ কী করে বাটখারার ওজন বাড়াতে হয়
আমি জানি
তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না
তোমার রথ, ভেঁপু, হাতে গড়া কাগজ, তেঁতুল বিচির মণ্ড
মাটির ঢোল, টিনের স্টিমার, কলঙ্ক পড়া খঞ্জনি
ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে খুর, শিং আর পায়ের দল
খালি হাতে মুখ চুন করে সন্ধেবেলায়
তুমি ফিরে আসবে, নদী থেকে
জলের গন্ধ তখন আকাশে উঠছে
তবু তোমার জন্য আমার ভাবনা হয়
চিন্তা হয় গো নয়নমণি—
অন্য কেউ ভেবে যদি ভুল ক’রে
সময় তোমাকে নিয়ে চলে যায়।
ছবি: কৃত্রিম মেধা
- Details