Poem

মজ্জার মধ্যে যখন ছিঁড়ে যাচ্ছে স্পর্শের বাসনা
তখন আমাকে পোটের দায়ে ঘুমোতে হয়েছে
চালকলের বারান্দায়
লোহিত কণার ভিতরে যখন বেজে উঠেছে চুম্বনে প্রলয়
তখন দেখেছি দিস্তে দিস্তে প্রুফ, কালিপড়া আলোয়
কোমর জলে দাঁড়িয়ে টেনে তুলেছি শীতরাতের জাল
কেবল তোমাকে চাই বলতে বলতে ফেটে গেছে আমার ফুসফুস
মৃত্যুপণ করে যুদ্ধে যাচ্ছে প্লীহা ও যকৃৎ
তখন মাথা ও ঘাড় মেলাচ্ছে পাইকারি বাজারের হিসেব

আজ সব শেষ, স্তব্ধ নিরাসক্ত শরীর আমার
রক্ত স্বেদ মাংস হাড় নিমজ্জিত মর্গের তুষারে
আজ বলি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি, অঙ্গহীন
                                                                 প্রাণের ভাষায়

তোমার আত্মার কাছে দেহ চাই আলিঙ্গন চাই
আজ তোমার সঙ্গে চলে লক্ষ হাত, লক্ষ লক্ষ জিভ,
কোটি কোটি রক্তকণা, পৃথিবীর সমস্ত হৃদয়—

আজ দেখি ভালোবাসা কীভাবে ফেরাও