Poem

মাটির বেহালা তুমি কাক ভোরে ডেকেছ আমায়
খিড়কি দুয়ার খোলা, রাতে কেউ ছেড়ে গেছে ঘর।
দরোজার ফাঁক দিয়ে শুক্রতারার আলো, রাঙা।
ধূমগন্ধী নদীটিও আড়ামোড়া ভাঙে রাত্রিশেষে, ভৈঁরোর
ভাঙা বন্দিশে ঘুম ভেঙে গেছে, আমি কৈশোরের মতো
বাসি মুখে আঙনে ছুটেছি, মাটির বেহালা আমি জানি
তুমি শুধু পাথে বাজো, ঘরে এলে স্বরের কোরক
                                                   মুদে যায়—

সেই শেষ বেজেছিলে, আষাঢ়ের নদী তার উজান
                                                      বিকাল
রথের দিনের মেঘ ময়ূর পাখায় সেজেছিল
তালধ্বজ-ডানা, ভেঁপু, আম আর বাতাসের ঘ্রাণ
একটি মেয়েকে টেনে আলপথে বাহির করেছে।
নদী স্বননের সাথে সেই শিশু আল ধরে ছোটে
মাথার ওপর মেঘ, মেঘ চলে, সাথে ক্রৌঞ্চবক

দেরি করে এলে তুমি, কত দেরি, খিড়কি দুয়ারে
হেঁটে-ও উপরে কাঁটা, ঘুম যায় স্বপ্ন আমার
ভিটার দেউলে থাকে শঙ্খচূড়, রন্ধ্রে ঢালে বিষ
এই সংসারের খেলা প্রেমশূন্য, বঙ্কিম ভাষায়
রপ্ত করে হৃদয় অক্ষরক্লান্ত, দীন—

হয়তো হবে না যাওয়া, এই শেষ উঠোন পেরোনো
এই শেষ সূর্যোদয়ে সেঁকে নেওয়া মৃত্যুনীল হাত
তবু তো এসেছ তুমি, মাটির বেহালা, রাঙা কৈশোরের
                                                                মতো
কাক ভোরে ডেকেছে আমায়!

 

ছবি: কৃত্রিম মেধা