প্রজাপতির আয়ু
কতদিন আয়ু একটি প্রজাপতির? কতদিন?
তার চেয়ে অনেক বেশিদিন বাঁচে শিরীষ গাছ।
অনেক অনেক বেশি দিন বাঁচে নদী, পাহাড়ের তো
বয়সের গাছ পাথর নেই।
মেঘলা, ভেজা দিনে ঘুঘুর একটানা ডাকের মধ্যে
উড়তে উড়তে প্রজাপতি কি কখনও ভেবেছে
কত দিন, আর কত দিন!
বৃষ্টি চিরে রামধনুকে জন্মাতে দেখেছে প্রজাপতি
তারপর সে-ও মিলিয়ে গেছে রোদের দিব্য বিভায়
ইন্দ্রধনুর চেয়ে প্রজাপতির আয়ু বেশি!
রোদ-পোড়া মাটির খুব কাছ দিয়ে উড়তে উড়তে
ঘাসের শিষ যখন ছুঁয়ে যাচ্ছে বুকের তাপ
প্রজাপতি জানেই না তার ডানার রং বাড়ে কমে
বর্ষা ও বসন্তে,
অথবা কখন নীলের ভিতর থেকে তার জন্য
আসবে ডাক
উড়তে উড়তে একটাই ফুলকে
খুঁজেছে প্রজাপতি,
ফুলে বসলেই তার আর কিছু মনে
থাকেনা।
- Details