Poem

সবুজ কাঁথার মতো শুয়ে আছে আমাদের
পাশের বাড়ির নদীখানি। তাকে ন’দি,
ন’বৌদি, নবদিদি, নদীমণি যে
কোনও নামেই ডাকা যায় : ওই যে ডিঙিটি
পাড়ে উল্টানো, সাধন জেলের, ওই লাল
ছেঁড়া আর ফুল ফুল শাড়িটি কাজলী পাগল
স্নান করে উঠেই পরবে : বিপুল রোদের
মধ্যে সেতারে বাজছে ঘন হাওয়া, গাছ দোলে,
দোলে তীর, আকাশের গম্বুজ  আহ্নিক গতিতে
টাল খায় অথচ জলের গুচ্ছ স্থির, একটুও
না-নড়ে, না-কেঁপে, প্রাচীন পাথরে গড়া
কুম্ভীর যেমন, মরকত রঙা নদী পাড়ে আছে।