Poem

নিন্দে করা চলবে না। বকাবকি।
ডালে নুন কম হলে মেনে নিতে হবে।
চৌকাঠে ভাতের ফ্যান। না-মাজা সাঁড়াশি।
বোতাম ঘরের বোকা মুখ। হিজিবিজি মেঝে।
তুমুল টেবিল। হারানো বইয়ের জন্য শোক নয়।
কপাল মাঠের মতো হতে হবে, ভুরু সোজা।

এর পরিবর্তে পাবে রোদুরের মতো উঠোন ভরানো
ভালোবাসা, স্বপ্নের ছোট সাদা হাঁস, সারারাত
শিউলির সংবাদ, শরীরের ডালে রামধনু, বৃষ্টি
এসে জ্যৈষ্ঠের কাতর জানালা খুলে দেবে ঝড়
নেমে চৈত্রের শূন্যতায় বুনে দেবে গান, রাত ভ'র
কথা হবে নক্ষত্র সাজানো বনপথে, সারাদিন কথা
হবে ছোটবেলা, ছত্রখান কিশোর বেলার,
এ সবই তোমার হবে,
সমস্ত, সকলই—তার সঙ্গে আজীবন, আদ্যোপান্ত আমি।
বকা চলবে না। আর খুঁত ধরা চলবে না কোনও।


ছবি: কৃত্রিম মেধা