Poem

আমরা যেদিন বুঝতে পারলাম
গাছ নয় ফ্লাইওভারই সভ্যতা
সেদিন চল্লিশ তাপমান ও
সাতানব্বই আর্দ্রতাকেও স্বীকার করে নিয়ে
ধরে নিলাম মাঝরাতে ডাকাত এলেও
কেউ আসবে না, থ্রি-নট-থ্রি কার্তুজ
বুক ফুঁড়ে পিঠ দিয়ে বেরিয়ে গেলে
কিছু চুনবালি খসে পড়বে প্রতিবেশীর
দাম্পত্যে : আমরা জেনে গেছি
নিজের নয়, সর্বদা অন্যের কন্যাই
ধর্ষিতা হয়, তথাপি ফাঁসুড়ের মতামতও
মান্যতা পেল জীবন দেওয়া-নেওয়ার
প্রসঙ্গে : ইতিহাসের অনুচ্ছেদ বদলালে
তবে পরিচ্ছন্ন হবে শাসন প্রণালী,
পথশিশুদের এবার কি ডাকব যে ইতিহাস
লেখা হয়নি তা লিখে ফেলার কাজে

 

ছবি: কৃত্রিম মেধা