Poem

দূরের কান্নার মতো শহর ডেকেছে
ভাঙা-চোরা ঝাপসা ধুলোট আর রঙমাখা জামা
এর চেয়ে বেশি করে হৃদয় সে দেখাতে পারে না।

পিছু টান নেই বলে যে বসেছে রাতের গাড়িতে
সবুজ আলোর সঙ্গে যে পেরোবে হৃদয়ের মায়া
শহর এগিয়ে এসে তার কামরার পাশে হাঁটে
বলে যায়, লোভাতুর ছোটবেলাকার ধুলো-খেলা
দুর্লভ মানিক্য ভেবে রঙিন মোড়ক দেয় হাতে

শহর বোঝে না কিছু, আজও সে
               ভোরের ঘুম ভেঙে
স্পর্শ খোঁজে, রাতের গন্ধে আজও সে ফুঁপিয়ে কাঁদে রোজ
সে চায় ঝিনুক-বাটি, চুষি-কাঠি, কাঠের খেলনা
সে ভাবে কারও কোনও কাজ নেই, খেলাঘরে
                                         বসুক সবাই।

শহর কান্নার মতো মাঝে মাঝে ডাকে। বহুদূরে
কুয়াশা-জড়ানো মাঠে রাঙা চাঁদ পাঠায় সে রোজ
সে ভাবে আমার তাকে মনে পড়ে, সে ভাবে ফিরব
                                        একদিন
ভাঙা-চোরা ঝাপসা ধুলোট তার মুখ ভুলে গেছি
জানে না সে, তার বেশি ভাল
কেউ যেন বাসতে পারে না
এই ভেবে স্বপ্নে সে
আমাকে জড়িয়ে শুয়ে থাকে।

দূরের কামার মতো শহর ডেকেছে। এই ডাক
                                             তার ভালোবাসা।


ছবি: কৃত্রিম মেধা