Poem

কী-ভাবে পায়ের চাপে মাঝখানে
                                        নুয়ে গেছে সিঁড়ি
কী-ভাবে পায়ের চাপে মাঝখানে
                                        বেঁকে গেছে কাঠ
যারা রোজ ওঠে-নামে তারা এই নমনীয়তাকে
সিঁড়ির জীবনসত্য ভাবে, আর মুগ্ধ হয় পায়ের চাপের
দিব্য ভূমিকায়। অবনত ভূমি প্রিয় সব মানুষের।
হঠাৎ বিকেলে আলো ধুলো-মাখা কাঠে এসে বসে
তখন ক্লান্ত কেউ হাত দিয়ে নিজেরই স্নায়ুতে
দেখে কশেরুকা ভেঙে নুয়ে গেছে ক্লান্তির ভিতর
মরে গেছে সিঁড়ি ভেঙে, সিঁড়ি ভেঙে-ভেঙে
দুঃখ রাগ লজ্জা আর ঠায় দাঁড়াবার অপমান
কীভাবে পায়ের চাপে মাঝখানে নুয়ে যায় দ্রোহ
মানুষ জানে না। শুধু ওঠে-নামে অনন্ত জীবন।