দাদন
গলির মুখে হলুদ রোদ শুয়ে আছে
কুণ্ডলী পাকিয়ে: লেজের পশম দেখা যাচ্ছে না
তাকে ডিঙিয়ে শীতের মধ্যে ঢুকে যাও
রাস্তা শেষ হলে উত্তর, হাড় কাঁপানো বাতাস
শীতের দেশ
ধান রইতে রইতে যাদের হাত বিষালো ঘা হয়ে গেছে
ধান কাটতে কাটতে যাদের তালুর ছাল উঠে গেছে
আর ক'দিনের ভিতর এসে পড়বে তাদের খিদের দিন
ট্রেন বোঝাই হয়ে তারাও পাড়ি দেবে অন্য খামারে ইঁটভাটায়
আর, বাতাসে দুলবে তাদের পাঁজর ভাঙা গাড়ি
শীতের মধ্যে ঢুকে গিয়ে অনেকদূর হাঁটলে
ঘোমটা টানা রৌদ্রহীন বউদের পাবে
আর উলঙ্গ বাচ্চাদের কঙ্কাল
দাদন নেবার জন্য কেউ নেই। মহাজন, তোমাকে
দাঁড়িয়ে থাকতে হবে যতদিন না শিশুরা বেড়ে ওঠে
আর তাদের মায়েরা ঘোমটা খসাতে রাজি হয়....
- Details