Poem

এবার বলো আমার কাছ থেকে এতদিন
জন্মদাগ কেন লুকিয়েছিলে, মাঝরাতে কাশির সঙ্গে
উঠে আসা ছিটে রক্ত, ম্যাট্রিকের অংকের নম্বর
কেন লুকিয়ে ছিলে সিঁড়িভাঙা শ্রম আর প্রেমের ব্যর্থতা
ভর দুপুরের অপমান কেন লুকিয়েছিলে, ভিজে
শার্টে সারাদিন অফিস...ভেবেছিলে ভয় পাব
ভেবেছিলে ছেড়ে চলে যাব, কষ্ট পাব, আক্রোশে
মাড়াতে যাব সারা পৃথিবীকে, ভেবেছিলে ভেঙে যাব
আত্মকরুণায়!
কোঁচড়ভর্তি ফুল আমাকে তুমি হাতে নাতে
ধরেছিলে মনে নেই, তোমাদের বাবলা কাঁটায়ে পায়ে
ফোঁটা ফোঁটা রক্ত জেগে ওঠা :কালবোশেখির আম
নিতে এসে ভোররাতে ... নষ্টচন্দ্রের জ্যোৎস্নার বুকে
জেগে উঠেছিল চাঁদের ভাঙা ছায়া
হিরণ্যস্তব্ধতার রক্তে এই মাত্র মিশে গেল পত্রঝরনের
হাহাকার। পাশে বোসো। এবার আমাকে বলো
আমাকে ছুঁয়ে থাকবে, যতদিন না চলে যাও
অন্য নীহারিকায়, বলো আর কোনওদিন কিছু লুকোবে না...

 

ছবি: কৃত্রিম মেধা