Poem

ভাঁটিখানায় যারা হিম রাতে পড়ে থাকে
তাদের বউদের জন্য
সারা শীত যারা রাঙা চুলে এক ফোঁটা
তেল পেল না, সেই সব শিশুদের
হোটেলের বাসন রাস্তার কলে
মাঝরাতে মাজতে মাজতে
যার যৌবন গেছে, সেই কিশোরকে
ময়লার গাদা থেকে প্লাস্টিকের গায়ে
লাগা খাবারের প্রেত কামড়ে
যে খাচ্ছে সেই উন্মাদ যুবকের প্রতি

আমার সমস্ত চিন্তা, সব-কটি লোহিতাশ্রুকণা
যাবতীয় প্রতিজ্ঞার সমরাস্ত্র, বঞ্চনার ক্ষোভ
স্তুপীকৃত করে আজ আগুন দিলাম

তাপ নাও